ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, আমরা একজন দেশ এবং ইসলামপ্রেমিককে হারিয়েছি। তিনি তার মেধা, প্রতিভাকে সারাজীবন ইসলাম এবং দেশের জন্য ব্যয় করেছেন। শুক্রবার বিকালে ইসলামী ছাত্র খেলাফতের উদ্যোগে পুরোনো ঢাকার লালবাগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ খোরশেদ আলম। বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল লতিফ নেজামী, মুফতি আমিনীর কনিষ্ঠ পুত্র হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ। ইসলামী ছাত্র খেলাফতের পক্ষ থেকে আমিনীর স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক থানায় দোয়া মাহফিল। আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলায় জেলায় দোয়া মাহফিল। পহেলা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী কোরআন ও বোখারী শরীফ খতম। আগামী ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী নফল রোজা পালন এবং ২৫ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
