আড়াইহাজারে গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনার বিচার চাইতে গিয়ে উল্টো ধর্ষকের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ধর্ষিতার পরিবারের ৪ জনকে আহত হয়েছে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটলেও গতকাল শনিবার আড়াইহাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আড়াইহাজার থানার এসআই আশ্ররাফুজ্জামান জানান, ঐ গ্রামের এক দিনমজুরের স্ত্রীকে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির দূরসম্পর্কের মামাশ্বশুর আমির হোসেন কু প্রস্তাব দিয়ে আসছে। এতে সে রাজি না হলে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতো সে। মঙ্গলবার রাত ১২ টার দিকে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে সুযোগ বুঝে আমির ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে গৃহবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার চিত্কারে লোকজন এগিয়ে এলে ধর্ষক আমির পালিয়ে যায়। এই ঘটনার বিচার চাইতে গেলে বৃহস্পতিবার আমিরের লোকজন ভুলতা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে ধর্ষিতার স্বজনদের উপর হামলা চালায়। এতে সবুজ, আব্দুল্লাহ, নেয়ামত উল্লাহ ও মান্নান আহত হয়। একপর্যায়ে গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো- জাহাঙ্গীর, আতিকুর, এনামুল ও আমিনুল। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় শনিবার ধর্ষিতার চাচা সুজা বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি এবং ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক আমিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
