ইত্তেফাক রিপোর্ট
সড়কে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে প্রণীত সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে সংশ্লিষ্ট আইনটি কার্যকর করতে কেন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। তিনি বলেন, সড়ক পরিবহন আইন সংসদে পাস হওয়ার পর গতবছরের ৮ অক্টোবর গেজেট প্রকাশ করে। তবে আইনটি কার্যকর করতে ওই আইনের ১(২) ধারা অনুযায়ী সরকারকে আরেকটি গেজেট প্রকাশ করতে হয়। কিন্তু ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আইনটি কার্যকর করতে ওই গেজেট প্রকাশ করা হয়নি। ফলে এর সুফল পাচ্ছে না জনগণ। মনজিল মোরসেদ বলেন, গাড়ির মালিক ও পরিবহন শ্রমিকরা চায়নি এই আইনটি হোক। কিন্তু এরপরেও সরকার আইনটি প্রণয়ন করেছে। এখন আইনটি কার্যকর না হওয়ার ক্ষেত্রে একটা পরোক্ষ বা অশুভ শক্তির হাত থাকতে পারে।
গত ১০ এপ্রিল সড়ক পরিবহন আইন কার্যকর করতে গেজেট প্রকাশ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিস দেয় রিটকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ। কিন্তু নোটিসের জবাব না পেয়ে হাইকোর্টে এ রিট করা হয়।
