সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে গত শুক্রবার রাতে বড়দেশী এলাকার ট্রাক ট্যামির্নাল থেকে শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন রেফুকে আটক করে র্যাব-৪-এর একটি দল। এদিকে এজাহারভুক্ত আসামি রেফুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ আসামির ১০ দিন রিমান্ডের আবেদন করলে গতকাল শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
আমিন বাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হচ্ছেন ইসমাইল হোসেন রেফু। হাইকোর্টের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয়। রিমান্ডে যাওয়া রেফু শ্রমিক লীগের নেতা এবং আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে গ্রেফতারের প্রতিবাদে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ মামলায় ইতিপূর্বে ২ আসামি তাদের স্বীকারোক্তিতে রেফুসহ আরও অনেকে জড়িত থাকার কথা প্রকাশ করে। গত বছরের ১৭ জুলাই শবেবরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলারচরে ডাকাত সন্দেহে মিরপুর সরকারি বাংলা কলেজের ৩ শিক্ষার্থীসহ ৬ কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। ঐ সময় নিহত ৬ ছাত্রের হত্যাকাণ্ডে নিহতদের ডাকাত উল্লেখ করে পুলিশের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয় সাভার মডেল থানায়। সাভার থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের করা ওই মামলায় আসামি করা হয় ৬শ’ গ্রামবাসীকে।
