চট্টগ্রাম বন্দরে অগ্নিকান্ডের শিকার জাহাজটির তদন্ত রিপোর্ট এ সপ্তাহে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:০৬
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের গতকাল শনিবার ইত্তেফাককে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর জেটিতে অগ্নিকান্ডের শিকার এম ভি বাংলার মুখ জাহাজে তদন্তে নিয়োজিত ৩ সদস্যের কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবে। তবে জাহাজটি বর্তমানে চলাচল উপযোগী রয়েছে। বর্তমানে জাহাজ থেকে আমদানিকৃত লবণ খালাসের কাজ বন্দরের ৪নং জেটিতে চলছে। বিএসসির জাহাজগুলোতে যাতে ভবিষ্যতে এ ধরণের কোন ঘটনা ঘটতে না পারে সেজন্য সংশ্লিষ্টদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। তুচ্ছ দুর্ঘটনা থেকে বড় ধরণের বিপর্যয় ঘটার সম্ভাবনা রোধে সবার সতর্কতা জরুরি। বিএসসি’র টেকনিক্যাল পরিচালক সাঈদ উল্লাহ জানান, পণ্য খালাস হয়ে গেলে বাংলার মুখ যথারীতি চট্টগ্রাম বন্দরের জেটি ত্যাগ করবে।তবে জাহাজটির অগ্নিকান্ডের শিকার ইকোনোমাইজার, জেনারেটর এবং প্রধান ইঞ্জিন বিএসসি’র প্রকৌশলীরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। সমুদ্র যাত্রায় বাংলার মুখের কোন অসুবিধা হবে না বলে আমরা আশা করছি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিজ্ঞতিতে জানিয়েছে, বন্দরের বাংলার মুখ নামের বাণিজ্যিক জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগলে, বাংলাদেশ নৌবাহিনীর টাগ শিবসা ও ৩ টি অগ্নিনিবারক ট্রাকের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে।