চাঁদা না দিয়েই ইটভাটা চালু করায় ৪ শ্রমিককে অপহরণ করে ৯০ লাখ টাকা দাবি করেছে সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা। শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের কাউখালী উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়ার মঘাছড়ি এলাকা থেকে ঐ শ্রমিকদের অপহরণ করা হয়। অপহরণকৃত শ্রমিকদের মধ্যে মো. ইফসুফের পরিচয় পাওয়া গেছে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, রাঙ্গামাটি জেলা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অপহূতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা কাউখালীর গহীন অরণ্যে অপহূতদের লুকিয়ে রেখেছে। তবে তিনি মুক্তিপণ দাবির সঠিক অঙ্ক এড়িয়ে গিয়ে বলেন, দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ না করে ইটভাটার চুলোয় আগুন দিয়ে ইট পোড়ানো শুরু করায় এটা করা হয়েছে। তিনি আরো জানান, অপহরণকারীরা পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফের সদস্য।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাজানগর এলাকার ইট ব্যবসায়ী খোকন চৌধুরী জানান, সশস্ত্র উপজাতি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তার মালিকানাধীন গইড নামের ইটভাটা থেকে ৪ শ্রমিককে অজ্ঞাত স্থানে অপরহণ করে। অপহরণকৃত শ্রমিকরা সবাই নোয়াখালী অঞ্চলের বাসিন্দা। তিনি আরো জানান, অপহূত শ্রমিকরা গত তিন-চারদিন পূর্বে তার ইটভাটার কাজে যোগদান করেন।
