রংপুরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:০৭
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে গতকাল শনিবার এক মেয়র ও এক কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরা হচ্ছেন মেয়র প্রার্থী বাসদের আব্দুল কুদ্দুস ও কাউন্সিলর প্রার্থী শাহ আলম । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বাসদের জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী আইন লংঘন করে প্রচারণা চালাচ্ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলম হোসেন আব্দুল কুদ্দুসকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন। এদিকে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহ আলম নির্বাচনী আইন অমান্য করে তার বাড়িতে গরু জবাই করে ৬শত থেকে ৭শত লোককে দাওয়াত করে খাওয়াচ্ছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম শাহ আলমকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে উভয়ে ৫ হাজার টাকা করে জরিমানা দেন।