পণ্যের বারকোডের উদ্ভাবক নরম্যান আর নেই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:০৭
যেকোনো পণ্যের প্রয়োজনীয় তথ্য ধারণকারী হিসাবে বিশ্বজুড়ে পরিচিত ‘বারকোড’ উদ্ভাবক নরম্যান জোসেফ উডল্যান্ড মারা গেছেন। গত রবিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির এজওয়াটারে নিজ বাড়িতে তিনি মারা যান। খবর এনডিটিভির। ৯১ বছর বয়সী উডল্যান্ড বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ আলঝেইমার রোগে ভুগছিলেন বলে বৃহস্পতিবার জানায় তার মেয়ে সুসান উডল্যান্ড। ১৯৪০ দশকের শেষদিকে সহপাঠী বার্নার্ড সিলভারকে সঙ্গে নিয়ে বারকোড উদ্ভাবন করেন যন্ত্র প্রকৌশলের ছাত্র উডল্যান্ড। ‘বারকোড’ হলো বেশকিছু মোটা ও সরু লম্বাদাগের সারির মাধ্যমে কোনো পণ্যের প্রয়োজনীয় তথ্য সংকেতবদ্ধ করার পদ্ধতি। শিক্ষানবিস হিসেবে কাজ করার সময় একদিন সমুদ্র সৈকতে বসে বালিতে নিজের আঙ্গুল দিয়ে নকশা কাটার সময় এর ধারণা তার মাথায় আসে। ১৯২১ সালের ৬ সেপ্টেম্বর নিউইয়র্কের আটলান্টিক সিটিতে জন্মগ্রহণ করেন উডল্যান্ড। ছোটবেলায় স্কাউট থাকা অবস্থায় মোর্সকোডের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা শেখার ফলে বারকোড ব্যবস্থা তৈরিতে অনেক সুবিধা হয় বলে এক প্রবন্ধে জানিয়েছিলেন তিনি। ১৯৫২ সালের ৭ অক্টোবর বারকোডের পেটেন্ট পান উডল্যান্ড ও তার বন্ধু সিলভার।