ডা. সঞ্চিতা বর্মন
দুঃসহ গরমে যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থ হতে পারেন। আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সাথে সাথে মানবদেহের তাপমাত্রাও বাড়তে থাকে। তাই শরীরের তাপমাত্রা স্বাভাবিক ও সুস্থ রাখতে গরমে কিছু ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রথমত প্রচুর পানি পান করতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় তরল খাবার ও দেশীয় রসালো ফল রাখতে হবে। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। দিনের বেলায় যথাসম্ভব সূর্যালোকে কম যাওয়া ভালো। ঘরের বাইরে থাকলেও তুলনামূলক ঠান্ডা জায়গায় থাকতে হবে। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের ক্ষেত্রে প্রচুর পানি বা তরল খাবার যেমন- স্যুপ, ফলের রস, স্যালাইন, ডাবের পানি খেতে হবে। গরমে চা, কফি ও কোমল পানীয় অ্যালকোহল কম খাওয়া ভালো। এগুলো শরীরে পানি শূন্যতা বাড়িয়ে দেয়। রোদে বের হলে ছাতা, সানব্লক বা রোদ চশমা ব্যবহার করতে হবে। গরমে সম্ভব হলে একাধিকবার গোসল করলে শরীরের তাপমাত্রা কম থাকে ও আরাম পাওয়া যায়। শিশু ও বয়ষ্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে। গরমে যথাসম্ভব হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে। অতিরিক্ত গরমে যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বলতা ও মাথা ঝিমঝিম করে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
