১৫ আগস্টের মতো আরেকটি ঘটনা ঘটানোর পাঁয়তারা চলছে :শিল্পমন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:২৪
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে ১৫ আগস্টের মত আরেকটি ঘটনা ঘটানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ১৯৭৪ সালে দেশের পাটের গুদামে আগুন এবং গম বোঝাই জাহাজ ডুবিয়ে দিয়ে দেশি-বিদেশি অপশক্তি যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল, ঠিক একই কায়দায় বর্তমানে গার্মেন্টস কারখানায় আগুন, হরতালে মানুষ হত্যা ও বিচারপতির কথোপকথন হ্যাকিং করে আরেকটি ১৫ আগস্টের ক্ষেত্র তৈরির অপচেষ্টা চলছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন, বাংলার মাটিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। শিল্পমন্ত্রী গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্রে সাম্প্রদায়িক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু একাডেমি এ সভার আয়োজন করে। একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহকারী এটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, জাতীয় মহিলা পরিষদের পরিচালক অধ্যাপিকা ড. ফেরদৌসি বেগম বক্তব্য রাখেন।