ভান্ডারিয়ায় নিহত ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:২৫
সন্ত্রাসীদের হামলায় নিহত ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান দুলালের দাফন গতকাল শনিবার বিকালে শ্রীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে। তার প্রথম নামাজে জানাজা বেলা ১১টায় গৌরীপুর রাধানগরের আমানউল্লাহ মহাবিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা বাসস্ট্যান্ড কলেমা চত্বরে বেলা ৩টায় এবং সর্বশেষ নামাজে জানাজা শ্রীপুর গ্রামে অনুষ্ঠিত হয়। বাসস্ট্যান্ড কলেমা চত্বরের জানাজায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ হাজারো মানুষ শরীক হন। এর মধ্যে ছিলেন পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী, এএসপি ইব্রাহিম খলিল, ওসি মো. মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, বজলুর রশিদ মশরু, লিয়াকত হোসেন তালুকদার, বিএনপি নেতা মহিউদ্দীন খান দীপু, ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মল্লিক, আলহাজ্ব শাহাদত্ হোসেন হাওলাদার, ছিদ্দিকুর রহমান টুলু, শফিকুল কবির বাবুল তালুকদার, মশিউর রহমান মৃধা, জাতীয় ছাত্রসমাজ সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। মওলানা মো. আসলাম বাসস্ট্যান্ডের জানাজায় ইমামতি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছোবাহান হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, সে গৌরীপুর ইউনিয়নের বাসিন্দা এবং খুলনার এরশাদ সিকদারের সহযোগী ছিলো। জেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পিরোজপুরের শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক, তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদত্ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা-শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদও জানাজায় শরিক হন। দুলাল চেয়ারম্যানের দেহরক্ষী জাহিদ ও মোটরসাইকেল চালক সবুজ, লোকমান শরীফ ও রুহুল বিশ্বাসকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মানববন্ধন মঠবাড়িয়া সংবাদদাতা: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান দুলাল হত্যার ঘটনায় মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গতকাল শনিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় অর্ধসহস্রাধিক জনতা অংশ নেন। আক্তারুজ্জামান দুলাল হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছে জেপি জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এবং পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আক্তারুজ্জামান দুলালকে দুষ্কৃতকারীরা কুপিয়ে হত্যা করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম। শনিবার এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। - প্রেস বিজ্ঞপ্তি