চট্টগ্রামে ফ্লাইওভার দুর্ঘটনা

নিহতদের পরিবারকে সিডিএ চেয়ারম্যানের আর্থিক সহায়তা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:২৫
চট্টগ্রামের বহদ্দারহাটের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ে নিহতদের পরিবারের মাঝে গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালামের ব্যবসায়িক প্রতিষ্ঠান এ আর্থিক সহায়তা দিয়েছে। ৯টি পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে সিডিএ চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালনাধীন দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন। সরকারি হিসাব মতে, এই দুর্ঘটনায় ১৩ জন নিহত হন। নগরীর জিইসি মোড়ে সিডিএ চেয়ারম্যান ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড মেম্বার মফিজুর রহমান ও ইউনুচ গনি চৌধুরী, সাবেক বোর্ড মেম্বার নূরুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন, মোহাম্মদ আজম, মোহাম্মদ হাসান লিটন, লায়ন জাফর উল্লাহ, মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, ওয়েল গ্রুপের পরিচালক আসিফ হাসান প্রমুখ।