টাউট-বাটপাড়দের হাত থেকে রাজনৈতিক মঞ্চ উদ্ধার করতে হবে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:২৮
যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক মঞ্চ টাউট-বাটপারদের হাতে চলে গেছে। এ অশুভ চক্রের হাত থেকে রাজনৈতিক মঞ্চকে উদ্ধার করতে হবে। সে জন্য সত্, শিক্ষিত ও মেধাবী লোকদের এগিয়ে আসতে হবে।’ আগামী ৮ জানুয়ারি নোয়াখালীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ধিত ও প্রস্তুতি সভায় গতকাল শনিবার আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। নোয়াখালী সদরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুরে অনুষ্ঠিত সভায় গতকাল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সেনবাগের ড. জামাল উদ্দিন, চাটখিলের এ এইচ এম ইব্রাহীম ও সিরাজুল ইসলাম, কোমপানীগঞ্জের খিজির হায়াত, কবিরহাটের কামরুন্নাহার শিউলি, বেগমগঞ্জের মামুনুর রশিদ কিরণ, সদর উপজেলার অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, হাতিয়ার মোহাম্মদ আলী এবং নোয়াখালী শহর আওয়ামী লীগের আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য দেন। সভায় আওয়ামী লীগের জেলা, উপজেলা, শহর, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সহযোগী সংগঠনের কমিটিগুলোর নেতারা উপস্থিত ছিলেন। সভার আগে ওবায়দুল কাদের সুন্দলপুর গ্যাস ফিল্ড এবং পরে জেলা শহরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সভার স্থল ও চৌমুহনী ফোর লেন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।