আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজনৈতিক কর্মসূচির যৌক্তিকতা নেই, কোন প্রয়োজনও নেই। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার চলছে। নির্দিষ্ট সময়েই এই বিচার শেষ হবে। যত ষড়যন্ত্রই হোক যুদ্ধাপরাধীদের বিচার কেউ বন্ধ করতে পারবে না।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রস্তুতি প্রসঙ্গে হানিফ বলেন, ইতিমধ্যে প্রতি জেলায় কাউন্সিলরদের প্রস্তুতি নেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের তাত্পর্য তুলে ধরে হানিফ বলেন, ঐতিহাসিক এই উদ্যান বাঙালির অনেক স্মৃতি বিজড়িত স্থান। এখানেই ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএম মোজাম্মেল হক এমপি প্রমুখ ছিলেন।
