২০২১ সালের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পাবে সাড়ে চার হাজার ইউনিয়ন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:৫৬

মাহবুব শরীফ

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সার বা  মুক্ত পেশাজীবী হওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের ও  কোলেবরেশন এ দুটি অনুষঙ্গ অত্যন্ত জরুরি। দক্ষতার  মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান  বা সমাধানের উপায় বের করা যায়।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওস্থ বিসিসি মিলনায়তনে ফ্রিল্যান্সারদের সংগঠন আপওয়ার্ক গ্রুপ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ‘আপওয়ার্ক   বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সকল শিক্ষিত তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।’ এ প্রসঙ্গে তিনি আইসিটি বিভাগে উদ্যোগে বাস্তবায়নাধীন ২৮টি হাইটেক পার্ক ও ইনকোবেশন সেন্টার স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন। ২০২১ সালের মধ্যে দেশের চার হাজার ৫০০ ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। ফ্রিল্যান্সাররা গ্রামে বসেই  শহরের সুবিধা পাবে। সহজেই তাদের কাজ করতে পারবে, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রতিবছর ৩০ লাখ তরুণ জব মার্কেটে প্রবেশ করছে। তাদের দক্ষ করতে সরকার প্রশিক্ষণসহ নানামুখী সুযোগ সুবিধা প্রদান করছে। একজন ফ্রিল্যান্সারকে তার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার শেখ রাসেল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন আরেকটি প্রকল্পের (ইডিসি) মাধ্যমে আরো ২৫ হাজার ৫০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এ সমস্ত ল্যাবের সঠিকভাবে ব্যবহার করতে পারলে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে।’  তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন তথা প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে আমাদের রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার করতে ফ্রিল্যান্সারদের প্রতি আহ্বান জানান। সরকার ব্যবসা করবে না, তরুণদের জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে। এ সুযোগ ফ্রিল্যান্সারসহ সংশ্লিষ্ট সকলকে কাজে লাগাতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রতিষ্ঠাতা মুজাহিদুল ইসলাম, এডমিন সদস্য  মোস্তফা, কাজি মামুন, কায়সার আহমেদ, আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শেষের দিকে প্রতিমন্ত্রী সেরা ফ্রিল্যান্সারদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন।