টেক জায়ান্ট অ্যাপল তাদের বিভিন্ন ডিভাইসের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে চলতি বছরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনগুলোর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আইফোনের বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে শীর্ষ ডাউনলোড করা অ্যাপ্লিকেশন হিসেবে স্থান করে নিয়েছে ইউটিউব। অ্যাপল ডিভাইসগুলোর জন্য আইওএস-এর সর্বশেষ সংস্করণে বিল্ট-ইন অ্যাপ্লিকেশন হিসেবে ইউটিউবকে বাদ দেওয়া হলে সেপ্টেম্বরে গুগল অ্যাপল ডিভাইসগুলোর জন্য তৈরি করে এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি। আর শেষ চার মাসেই এটি উঠে এসেছে ডাউনলোডের শীর্ষ স্থানে। অন্যদিকে আইপ্যাডের জন্য তৈরি বিনামূল্যের অ্যাপ্লিকেশনের মধ্যে শীর্ষস্থানটি দখল করে নিয়েছে স্কাইপ। এদিকে যেসব অ্যাপ্লিকেশনের জন্য অর্থ ব্যয় করতে হয়, তাদের মধ্যে আইফোনে চলতি বছরে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে ক্রস প্ল্যাটফর্ম ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। আর আইপ্যাডের জন্য পেইড অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এ বছরে শীর্ষে স্থান করে নিয়েছে অ্যাপল’র ওয়ার্ড প্রসেসর পেজেস।
