চাকরির জন্য বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য চালু হল নতুন চাকরির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘বিদেশ জবস্’ (bdesh.bdjobs.com)। গতকাল রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এ চাকরির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ এর উদ্বোধন করা হয়।
বিডিজবস ডটকম এবং জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান আইওএম এর যৌথ উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিং-এর তত্ত্বাবধানে এ ওয়েবসাইট ও অ্যাপটি নির্মিত হয়েছে।
বিদেশগামী কর্মীরা সঠিক তথ্যের অভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানারকম প্রতিকূলতার মুখোমুখি হন। অনেক ক্ষেত্রে তারা প্রতারণার শিকার হন এবং বিদেশে যেতে পারেন না। অনেকে আবার বিদেশের মাটিতে পৌঁছাতে পারলেও প্রক্রিয়াগত ত্রুটির কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন।
উল্লেখ্য যে ‘বিদেশ জবস্’ শুধু সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্টদের দেওয়া বিদেশে চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশ করবে। চাকরি প্রার্থীদের আবেদন পত্রগুলো সরাসরি মূল রিক্রুটিং এজেন্টদের কাছে চলে যাবে। ফলে চাকরি প্রার্থীদের যেমন প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না আবার রিক্রুটিং এজেন্টরাও অল্প সময়ে তাদের প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন লোকবল খুঁজে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, বিদেশে চাকরি প্রার্থীরা যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বিদেশ যেতে পারে, তারা যেন কোনোপ্রকার প্রতারণার শিকার না হয় সেই প্রচেষ্টা থেকেই বিডিজবস ডট কম এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।
এআইওএম এর ডেপুটি মিশনপ্রধান শ্যারন ডিমানশ্ আশা করছেন এই জব সাইটের মাধ্যমে বিদেশগামী কর্মীরা সময়মতো বিদেশে চাকরির সঠিক তথ্য পাবে এবং কোনোপ্রকার বিভ্রান্তিতে পড়বে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস এর মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান।
