হোবার্ট টেস্টে শুরু থেকেই ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই গতকাল অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু পিটার সিডলের দুরন্ত বোলিংয়ে ভেস্তে গেছে শ্রীলঙ্কার প্রতিরোধ। শ্রীলঙ্কানদের প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট করে নিজেরা দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে বিনা উইকেটে ২৭ রান তুলে ফেলেছে। ফলে গতকাল, হোবার্টে তৃতীয় দিন শেষে শ্রীলংকার বিপক্ষে ১৪১ রানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল মাইকেল ক্লার্কের দল। আর ৩৩৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে শ্রীলংকা।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৮৭ রান করেছিল শ্রীলংকা। ৫০ রানে অপরাজিত ছিলেন তিলকরত্নে দিলশান। আগের দিনের মত উইকেট হারানোর ধারাবাহিকতা অব্যাহত ছিল লংকানদের। তবে অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে দলকে মোটামুটি ভালো অবস্থায় নিয়ে গেছেন দিলশান। পঞ্চম উইকেটে ম্যাথুস ও দিলশান যোগ করেন ১৬১ রান। সেই সাথে ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরিও তুলে নেন ডান হাতি দিলশান। শেষ পর্যন্ত ১৪৭ রানে থামেন তিনি। দুর্দান্ত ইনিংসটি ২১টি বাউন্ডারীর সহায়তায় সাজান তিনি।
আর ম্যাথুসের ব্যাট থেকে আসে ৭৫ রান। তার ইনিংসে চারের মার ছিল ১১টি। আর শেষ দিকে প্রসন্ন জয়াবর্ধনে ৪০ ও নুয়ান কুলাসেকেরা ২৩ রান করেন। ফলে প্রথম ইনিংসে ৩৩৬ রান করতে সক্ষম হয় লংকানরা। অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪ রানের ৫ উইকেট নিয়েছেন পেসার পিটার সিডল।
প্রথম ইনিংস থেকে ১১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বিনা উইকেটে ২৭ রান করে অসিরা। কাওয়ান ১৬ ও ওয়ার্নার ৮ রানে অপরাজিত আছেন।
স্কোর কার্ড
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৫০/৫, (ডি.) ১৩১ ওভার (মাইক হাসি ১১৫*, ফিলিপ হিউজ ৮৬, ওয়েলেগেদেরা ৩/১৩০)।
শ্রীলংকা প্রথম ইনিংস ৩৩৬/১০, ১০৯.৩ ওভার (তিলকরত্নে দিলশান ১৪৭, অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৫, পিটার সিডল ৫/৫৪)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস :
এড কাওয়ান অপরাজিত ১৬
ডেভিড ওয়ার্নার অপরাজিত ৮
অতিরিক্ত (লে বা -১, নো -২) ৩
মোট ( বিনা উইকেট, ২৭ ওভার) ২৭
বোলিং : কুলাসেকেরা ৬-৩-১০-০, ওয়েলেগেদেরা ৫-১-১০-০,
দিলশান ২-০-২-০, এরাঙ্গা ১-০-৪-০।
