যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামে ট্রাক মিছিল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:১৮
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও বিচারে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করার দাবিতে শনিবার চট্টগ্রাম নগরীতে ট্রাক মিছিল করেছে নগর ছাত্রলীগ। সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ট্রাক মিছিলের উদ্বোধন করেন। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও কলেজ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ট্রাক ও মিছিল নিয়ে লালদীঘির মাঠে জমায়েত হতে থাকে। এ সময় তারা বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে সরকারের কাছে দাবি জানান। উদ্বোধনী বক্তব্যে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, এ ডিসেম্বরেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়ে দেশ কলংকমুক্ত হোক, এটাই তরুণ সমাজসহ দেশবাসীর প্রত্যাশা। নগর ছাত্রলীগের সভাপতি এমআর আজিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, ছাত্রলীগ নেতা আব্দুস সালাম মাসুম, আরশাদুল আলম বাচ্চু, ফজলুল কবির সোহেল, এনামুল হক, শিবপ্রসাদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মোরশেদ প্রমুখ।