কালিয়াকৈর বাস টার্মিনাল সংস্কার হয়নি ১৮ বছরেও

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:১৯
১৯৯৪ সালে ৯৮ লাখ টাকা ব্যয়ে কালিয়াকৈরবাসীর বহু আকাঙ্ক্ষিত বাস টার্মিনালটি নির্মিত হয়। নির্মাণের পর দীর্ঘ ১৮ বছরেও এটির কোনো সংস্কার হয়নি। বাস, ম্যাক্সি, টেম্পো ভগ্ন টার্মিনালের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। একটু বৃষ্টি হলেই টার্মিনালের ভেতরটা কাদা পানিতে সয়লাব হয়ে যায়। টার্মিনালের ড্রেন, প্রাচীর, রাস্তা ভেঙ্গে গেছে, এমনকি ভবনও ক্ষয়প্রাপ্ত হয়েছে। টার্মিনালের ভেতরে যানবাহন ঢুকতে না পেরে ঢাকা-টাঙ্গাইল সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকে। ফলে ঢাকা-টাঙ্গাইল সড়কে সর্বদা যানজট লেগেই থাকে। যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। যানবাহনে উঠতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। নির্মাণের ১৮ বছর পরও টার্মিনালের নির্মাতা এলজিআরডি বিভাগ এটি সংস্কারের জন্য কোনো অর্থ মঞ্জুর করেনি। বর্তমানে এর সংস্কারের জন্য অন্তত বিশ লাখ টাকার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ব্যাপারে অনেক আবেদন নিবেদনের পর আজও কোনো অর্থ মঞ্জুর হয়নি। ফলে টার্মিনালটি কোনো কাজেই আসছে না। যত শীর্ঘ সম্ভব টার্মিনালটি সংস্কার করা হলে ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজট অনেকটাই হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।