গুরুদাসপুরে হত্যার জের ধরে বাড়ি ভাংচুর-লুটপাট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৩
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলহড়িবাড়ী গ্রামে খায়রুল বাশার হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে মামলার অভিযুক্তদের ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল বাশার হত্যার পর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযুক্তদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা একই গ্রামের গফুর, মকছেদ, মোক্তার, আফছার, আরদেশ, আনছার, রশিদ, দেলবক্স, উজ্জল, কাশেম, চালু মোল্লা, আ. রহমান, রফিকুল, সবুজল, আনার, মহরম আলী ও শমসেরসহ কমপক্ষে ২০টি বাড়িতে ভাংচুর-লুটতরাজ চালায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওইসব লুণ্ঠিত বাড়িতে কোন গরু-ছাগল,হাঁস-মুরগি, ঘরের চালা, দরজা- জানালা, আসবাবপত্র ও নিত্যব্যবহার্য পণ্যসামগ্রী কিছুই নেই। এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে থাকাকালীন বাড়িঘর ভাংচুর ও লুটপাটের কোন ঘটনা ঘটেনি। তাছাড়া এ বিষয়ে কোন অভিযোগও পাওয়া যায়নি।