দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১০জন নিহত ও অর্ধশত আহত হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ৩টি পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত ও ১৬জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর। স্থানীয় সুত্র জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা-শেরপুর সড়কে ট্রাক ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা হলেন আড্ডা ভাটখোইর গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের সৈয়ব আলীর ছেলে সাগর আহমেদ (২৫)। এছাড়া শনিবার রাতে এনায়েতপুর নামক স্থানে ট্রলি উল্টে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বজুল (৬০) নিহত ও কমপক্ষে ১৬জন আহত হন। অন্যদিকে শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বৈলতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় গোলেনুর (৬০) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুরে নৈশ কোচ উল্টে তিনজন নিহত ও আহত হয়েছে অন্তত. ৩০ যাত্রী। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাকী এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচ মিঠাপুকুরের বলদীপুকুর নামক স্থানে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে, ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে ১ জন মারা যান। নিহতরা হলেন- পঞ্চগড়ের আটওয়ারী উপজেলার রামপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও বামনকুমার গ্রামের আজাহার আলী (৪৮)। অপর জনের নাম জানা যায়নি।
দেবীদ্বার (কুমিল্লা)
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বানিয়াপাড়ার ফুলতলায় নামকস্থানে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা আরোহী খোরশেদ আলম(৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত ও দু’জন আহত হয়েছে। নিহত খোরশেদ আলম নিজেও একজন সিএনজি অটোরিক্সা চালক। তিনি দেবীদ্বার পৌর এলাকার দক্ষিন হামলাবাড়ি গ্রামের আঃ খালেকের পুত্র।
রামগতি (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হারুন বাজার সড়কের সিরাজ চেয়ারম্যানের মত্স্য খামার এলাকায় গতকাল রবিবার ভোরে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার আবদুল করিম (১৮) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত মো. ভুট্টু এবং খোকন নামের দুই শ্রমিককে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল করিম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আমিনুল হকের ছেলে।
কাউখালী (পিরোজপুর)
কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় শনিবার পিকআপে চাপায় তারিকুল (৮) নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ গাড়িও ড্রাইভারকে আটক করেছে।
