রাজশাহীর পুঠিয়ার উপজেলার বানেশ্বরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শুক্রবার রাতে সভামঞ্চ, চেয়ার ও মাইক ভাংচুর হয়েছে। রাত ১০টার দিকে বানেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে স্থানীয় সাংসদ কাজি আবদুল ওয়াদুদ দারা বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্মেলন উদ্বোধন করেন। এতে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম, অধ্যাপক একরামুল হক, বানেশ্বর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতি পদে আব্দুল জলিল সরকার ও আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলন শেষে রাত ১০টার দিকে ওয়ার্ড কমিটির সভাপতি পদে আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তীব্র বিরোধিতা ও প্রতিবাদ করেন। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা মঞ্চ, চেয়ার ও মাইক ভাংচুর করে।
