মাগুরার নোমানী ময়দানের স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো না

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৭
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মাগুরার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নোমানী ময়দানে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণের ৮ বছর পরও উদ্বোধন করা হয়নি। স্মৃতিস্তম্ভটি এখন অরক্ষিত ও অযত্নে পড়ে আছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে ৯ মাসের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য দেশের ৬৪ জেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক সম্বলিত ম্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের অধীন মাগুরার সকল গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার ঐতিহাসিক নোমানী ময়দানের প্রবেশ মুখে ২০০৪ সালে ১২ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করে। ৯ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এটি সম্পন্ন করতে ৩ বছর সময় লেগে যায়। এ স্মৃতিস্তম্ভে মাগুরার বিভিন্ন রণাঙ্গনের যুদ্ধে শহীদ ৫৪ জন মুক্তিযোদ্ধার নাম লিপিবদ্ধ করা হয়েছে। এ নাম নিয়েও বিতর্ক রয়েছে। ৫৪ জনের মধ্যে কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধার নাম রয়েছে। এছাড়া বেশ কয়েকজন প্রকৃত মুক্তিযোদ্ধার নামও বাদ পড়েছে। মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা সদর উপজেলার কমান্ডার জহুর-ই-আলম জানান, আমার জানামতে এ পর্যন্ত এস্মৃতিস্তম্ভের কোন উদ্বোধন করা হয়নি। প্রকৃত ও অপ্রকৃত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে বিতর্ক আছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি।