হরিণাকুণ্ডুতে গত কয়েকদিন যাবত্ বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি পালনে হামলা মামলা আর গ্রেফতার আতঙ্কে মাঠে নামতে পারছে না বিরোধী দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনকালে তারা সরকারি দলের নেতাকর্মী ও পুলিশের হামলার শিকার হন। পুলিশ শুধু হামলা করেই ক্ষান্ত নয় তাদের নামে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে গ্রেফতার করছে বলে অভিযোগ করেন বিরোধী দলের নেতারা। গত শুক্রবার রাতে মিথ্যা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মোঃ আবু বকর সিদ্দিকীকে তার নিজ বাড়ী আন্দুলিয়া থেকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেন জামায়াতের উপজেলা আমীর মোঃ মওলা বক্স। এছাড়াও নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে তিনি জানান। ১৮ দলীয় জোটের উপজেলা সভাপতি আবুল হোসেন চেয়ারম্যান জানান, সরকারি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে পুলিশ আমাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। তারা আমাদের কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। কিন্তু জনগণ স্বেচ্ছায় সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে বিরোধী দলের সকল কর্মসূচি সফলভাবে পালন করছে। তিনি আরো বলেন, হরিণাকুণ্ডু উপজেলায় ৩ দিনে ৩টি মিথ্যা মামলায় শ্রমিক দলের সভাপতি মোঃ আফজাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজির উদ্দীনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়াও হামলা মামলা আর গ্রেফতারের ভয়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানান, সহিংসতা এড়াতে যেকোন পদক্ষেপ নিতে আমাদের নির্দেশ দেয়া হয়েছে।
