নড়াইলে অমল সেন মেলা আজ শুরু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৯
উপমহাদেশের কমিউনিস্ট রাজনীতির অন্যতম পুরোধা, তেভাগা আন্দোলনের প্রধান সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ৯৬তম জন্মদিবস উপলক্ষে আজ (সোমবার) থেকে নড়াইলে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী কমরেড অমল সেন কৃষি মেলা। নড়াইল শহরের উপকণ্ঠে আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অমল সেন কৃষি মেলা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট সিদ্দিক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাইফ হাফিজুর রহমান খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শেখ হাফিজুর রহমান, জেলা জাসদ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস ও আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। উল্লেখ্য, উপমহাদেশের কমিউনিস্ট রাজনীতির অন্যতম পুরোধা নড়াইলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের প্রধান সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি আজীবন বিপ্লবী কমরেড অমল সেনের জন্মস্থান আউড়িয়া গ্রামে।