সফরকারী ইংলিশ ক্রিকেট দল থেকে চার রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করে দিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উদ্দেশ্য, ইংল্যান্ডকে চাপে ফেলা। তবে, মিডল অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রটের ব্যাটিং দৃঢ়তায় চতুর্থ দিন শেষে বিপদ কাটিয়ে উঠেছে অ্যালিস্টার কুকের দল।
অধিনায়ক অ্যালিস্টার কুক ১৩, নিক কম্পটন ৩৪ আর কেভিন পিটারসেন ছয় রানে আউট হলেও জোনাথন ট্রট ৬৬ রানে অপরাজিত আছেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল করেছেন ২৪ রান। একটি করে উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঁঝা ও রবীন্দ্র জাদেজা।
এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রান করে অল আউট হয়। জবাবে প্রথম ইনিংসে ভারত প্রথম ইনিংসে নয় উইকেটে ৩২৬ রান করে ইনিংস ঘোষণা করেন। বিরাট কোহলী সেঞ্চুরি (১০৩ রান) করতে পারলেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৯৯ রানে আউট হয়ে যান। ২৯ রানে অপরাজিত ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। ইংলিশ বোলারদের মধ্যে পেসার জেমস অ্যান্ডারসন চারটি উইকেট নেন। স্পিনার গ্রায়েম সোয়ান নেন তিনটি উইকেট।
চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড দল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: প্রথম ইনিংস-৩৩০, দ্বিতীয় ইনিংস-১৬১/৩ (অ্যালিস্টার কুক ১৩, নিক কম্পটন ৩৪, জোনাথন ট্রট ৬৬*, ইয়ান বেল ২৪*)
ভারত: প্রথম ইনিংস-৩২৬/৯ ডিক্লেয়ার
