মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অল্প কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারিয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ রেইনস শনিবার এক বিবৃতিতে জানান, পাকস্থলীর ভাইরাসে আক্রান্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী পানিশূন্যতায় ভোগেন এবং সংজ্ঞা হারিয়ে ফেলেন। লিবিয়ার বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েকদিন আগে এই ঘটনা ঘটলো। খবর রয়টার্স ও এএফপির।
ফিলিপ রেইনস বিবৃতিতে বলেন, পাকস্থলীর ভাইরাসে আক্রান্ত হলে পররাষ্ট্রমন্ত্রী হিলারির শরীরে পানিশূন্যতা দেখা দেয়, খিঁচুনি হয় এবং তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার চিকিত্সকরা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছেন। তিনি আরো বলেন, চিকিত্সকদের অনুমতিক্রমে হিলারি ক্লিনটন আগামি সপ্তাহ থেকে বাসায় বসেই তার কাজ চালিয়ে যাবেন। সেখান থেকেই তিনি তার দপ্তর ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।
হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ ইলিয়েনা রস-লেহিটনেন হিলারির আশু আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, পররাষ্ট্রমন্ত্রী হিলারি লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার তদন্তের ব্যাপারে আগামী বৃহস্পতিবার সাক্ষ্য দিতে পারবেন না। ওই ঘটনায় চার মার্কিন নাগরিক নিহত ও আরো কয়েকজন আহত হন।
পাঁচ দিনব্যাপী ইউরোপ সফর শেষে দেশে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়লে হিলারি পূর্ব নির্ধারিত উত্তর আফ্রিকা সফর বাতিল করেন। এর পর থেকে গত এক সপ্তাহে জনসম্মুখে তাকে দেখা যায়নি।
