রাজধানীর সরকারি-বেসরকারি স্কুল-গুলোতে চলছে ভর্তিযুদ্ধ। ২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি ফরম সংগ্রহ, বাছাই এবং অন্যান্য প্রক্রিয়ায় শেষ করতে কেটে গেছে প্রায় এক মাস। এখন ভর্তির জন্য কোথাও পরীক্ষা চলছে। আবার কোথাও শুরু হচ্ছে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি। ইতিমধ্যে সরকারি ২৪ স্কুলের মধ্যে ১৬টি স্কুলের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ অনুষ্ঠিত হবে ‘সি’ গ্রুপভুক্ত ৮টি স্কুলের ভর্তি পরীক্ষা। এছাড়া আজ ভিকারুন নিসা নূন এবং আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর প্রকাশ্য লটারি অনুষ্ঠিত হবে।
স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা ও লটারি অনুষ্ঠানের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা এখন ব্যস্ত এবং উদ্বিগ্ন। প্রথম শ্রেণীতে লটারি পদ্ধতি থাকায় শিশুরা পরীক্ষাভীতি থেকে মুক্ত। তবে সন্তানকে ভর্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
রাজধানীর সরকারি ২৪টি সরকারি স্কুলের মধ্যে ‘এ’ গ্রুপভুক্ত ৮টির ভর্তি পরীক্ষা গত ১৪ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপভুক্ত স্কুলগুলোর পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর। ‘সি’ গ্রুপের পরীক্ষা আজ ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও সরকারি স্কুলগুলোতে ১ম শ্রেণীতে লটারির মাধ্যমে শিশু ভর্তি করা হবে। প্রথম শ্রেণীর আছে রাজধানীতে এমন ১৩টি সরকারি স্কুলে রয়েছে। এসব স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্র হবে আগামী ২৭ ডিসেম্বর। ওইদিনই ফল ঘোষণা করা হবে। আর ৩০ ডিসেম্বর সব স্কুলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিক্রি শুরু হয় এবং ৯ ডিসেম্বর শেষ হয়।
ভিকারুন নিসা নূন স্কুল :ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজে প্রথম শ্রেণীর লটারি আজ সোমবার থেকে শুরু হবে। আজ সোমবার বসুন্ধরা দিবা ও প্রভাতী এবং আজিমপুর শাখার দিবা ও প্রভাতি শাখার লটারি অনুষ্ঠিত হবে। আগামীকাল ধানমন্ডি দিবা ও প্রভাতী এবং ইংরেজি মাধ্যমের লটারি অনুষ্ঠিত হবে। মূল শাখার দিবা ও প্রভাতী শাখার লটারি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। সব লটারিই অনুষ্ঠিত হবে বেইলী রোডস্থ মূল শাখায়। ২০১৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ১৩ হাজার ২০০টি। নিউ বেইলি রোডের মূল শাখাসহ সর্বমোট ৪টি শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আসন আছে ১ হাজার ৪৪০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯টি। এ বছর ভর্তি আবেদন ফরম বিক্রি শুরু হয় ১৪ নভেম্বর, শেষ হয়েছে ১৮ নভেম্বর বিকালে। এ বছর মোট ১৩ হাজার ২০০ ভর্তি ফরম বিক্রি হয়।
আইডিয়াল স্কুল
আজ থেকে প্রথম শ্রেণীর লটারির ড্র মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ১৮ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বরও লটারি অনুষ্ঠিত হবে। আজ প্রথমদিন বনশ্রী শাখার বাংলা ও ইংলিশ ভার্সনের লটারির ড্র। দ্বিতীয় ও তৃতীয় দিন মূল ক্যাম্পাসের সাধারণ ও সকল কোটা এবং মুগদা শাখার লটারির ড্র। জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নবম শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে।
মনিপুর উচ্চ বিদ্যালয়
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর লটারি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একদিনই লটারি অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণীর লটারির জন্য আবেদন সংগ্রহ ও জমাদানের সময় গত ১৫ ডিসেম্বর শেষ হয়। অন্যান্য ক্লাসের ফরম বিতরণ ও অন্যান্য প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
