শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে অতিরিক্ত ফি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২২:০৪

সরকারি নীতিমালা অনুসারে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান একাদশ শ্রেণিতে ভর্তি ফি, সেশন ফি ও উন্নয়ন ফি মিলিয়ে দশ হাজার টাকার বেশি নিতে পারবে না। কোনো কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কেবল সেশন ফি নিচ্ছে দশ হাজার টাকা। অথচ এটি পাঁচ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। ২০১৭ সালের সেপ্টেম্বরে সরকারি হয় ১২টি মডেল স্কুল অ্যান্ড কলেজ— রাজধানীর চারটি (মোহাম্মদপুর, রূপনগর, লালবাগ ও শ্যামপুর), চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। দুঃখের বিষয়, এগুলো এখন পর্যন্ত সরকারি করা হয়নি। সরকারি না হওয়ায় বেশি বেতন নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছেন, বেতনের সরকারি অংশ পেলেই সরকারি নিয়মে টিউশন ফিসহ বিভিন্ন ফি নেওয়া হবে। অনেকে বলছেন, সরকারি ঘোষণা হওয়া থেকেই বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা থাকায় সরকারিকরণে দেরি হলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একত্রে বড় অঙ্কের টাকা পাবেন। ফলে সরকারিকরণে বিলম্ব হওয়ার জন্য নাকি চেষ্টা-তদবিরও চলছে। পরিশেষে, সরকারি হওয়ার অপেক্ষায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

কাজী কামাল হোসাইন

মতিঝিল, ঢাকা

 

০