রংপুর সিটি নির্বাচনে ইভিএম নিয়ে উদ্বেগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের ঘোষণায় ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে। নতুন এই পদ্ধতি হঠাত্ করে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে চালু করার উদ্যোগ নেয়ার কারণ ভোটার ও প্রার্থীরা বুঝে উঠতে পারছে না। সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের ৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে পূর্ব রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭’শ ৮৪ ভোট, কামদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮’শ ৭৯টি ভোট, কেরানীরহাট স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৫’শ ১৯ ভোট এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫’শ ৩১ ভোটারের জন্য ২৩টি ইভিএম ব্যবহার করা হবে। এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাত্র ৫ দিন আগে ইভিএম’র প্রচারণা শুরু করায় এর সফলতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। গত শনিবার ঐসব এলাকার ভোটারদের মাঝে ইভিএম’র বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। গতকাল রবিবার এসব কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ট্রেনিং প্রদান করা হয়। আগামীকাল মঙ্গলবার এই ৪টি কেন্দ্রে পরীক্ষামূলক ভোটিং অনুষ্ঠিত হবে। অপরদিকে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজের সাথে বৈঠক করে তড়িঘড়ি করে ইভিএম ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেন এবং এর কোন বিরূপ প্রভাব যেন নির্বাচনে না পড়ে সেই জন্য যথাযথ ব্যবস্থার দাবি জানান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর ইউনিয়নে ইভিএম ব্যবহার করা হবে। এখন ভোটারদের সচেতন ও প্রশিক্ষিত করার কাজ চলছে। আগামীকাল মঙ্গলবার প্রশিক্ষণের শেষ দিনে চূড়ান্ত ভোটিং মহড়া অনুষ্ঠিত হবে। ভোটারদের মাঝে কোন উদ্বেগ ও আতংক নেই বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মেয়র প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু ইভিএম পদ্ধতিকে স্বাগত জানিয়ে বলেন, এর সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। কারণ, এই পদ্ধতিতে দ্রুত ভোট গ্রহণ ও গণনা সম্ভব। কারচুপিরও কোন আশংকা নেই। নাগরিক ঐক্যের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ফারুক আজীজ শাহীন জানান, ইভিএম পদ্ধতি চালু হওয়া প্রয়োজন। তবে নির্বাচনের মাত্র ৫ দিন আগে শুরু হওয়া ইভিএম সম্পর্কে প্রচারণা ও প্রশিক্ষণ কতোটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিএনপি নেতা মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা বলেন, নবগঠিত সিটি করপোরেশনের নির্বাচনে এত স্বল্প সময়ের ব্যবধানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা প্রযোজ্য হবে না, কারণ ভোটার সাধারণ ইভিএম সম্পর্কে এখনো কিছুই জানে না।