স্বাধীনতা অর্জনে সহায়তাকারী দেশ ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে বিজয় দিবসের ‘উপহার’ হিসেবে বেশি বেশি বিনিয়োগ আশা করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ভারত আমাদের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে। এখন আমরা আশাকরি, আমাদের শিল্পে ব্যাপক বিনিয়োগ করে ভারত আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিতে সাহায্য করবে। গতকাল রবিবার কলকাতায় বাণিজ্য মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন বাণিজ্যমন্ত্রী কাদের। ভারতীয় বিনিয়োগকারীরা তাদের মুনাফা দেশে ফেরত নিতে পারবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, আপনারা মুনাফার প্রায় পুরোটাই দেশে ফেরত নিতে পারবেন। আমরা শুধু বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে, অর্থনীতিতে প্রবৃদ্ধি আনতে এবং আমাদের রপ্তানি বাড়াতে আপনাদের বিনিয়োগ চাই। তিনি বলেন, বাংলাদেশে পণ্য উত্পাদিত হলে তা জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ও চীনে একই ধরনের পণ্যের ওপর আরোপিত শুল্ক খুবই সামান্য। এই সুযোগ নিতে বাংলাদেশে বিনিয়োগ করতে আসছে চীন ও দক্ষিণ কোরিয়া এমনকি চেক প্রজাতন্ত্রের বিনিয়োগকারীরাও। তাহলে, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কেন সেই সুযোগ নেবে না? বাংলাদেশের অবস্থানগত সুবিধা ব্যবহারের জন্য ভারতের ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দেন জি এম কাদের। তিনি বলেন, ভারতের যেকোনো অঞ্চল থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করা অনেক কঠিন। সেক্ষেত্রে বাংলাদেশে পণ্য তৈরি করে তা এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কম খরচে ও সহজে সরবরাহ করা যায়।
