মুক্তিপণ আদায়

রাঙ্গুনিয়ায় ইটভাটার ৪ শ্রমিক মুক্ত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
চাঁদা না দিয়ে ইটভাটার কাজ শুরু করায় রাঙ্গুনিয়ার মঘাছড়ি থেকে অপহূত ৪ ইটভাটা শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা। গতকাল রবিবার মালিকপক্ষের সঙ্গে অপহরণকারীদের সমঝোতার মাধ্যমে কাউখালীর ঘাগড়া এলাকার দুর্গম স্থানে তাদের ছেড়ে দেয়া হলে বিকালে শ্রমিকরা ফিরে আসে। অপহূত শ্রমিকরা হল মো. বাহার (মাঝি), মো. ইউছুফ (নৈশপ্রহরী), মো. রাজু ও মো. জাফর। একাধিক সূত্রে জানা যায়, গতকাল কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণকারীদের সাথে ইটভাটা মালিকদের সমঝোতা বৈঠক হয়। এতে উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহূত শ্রমিকদের ছেড়ে দেয় বলে জানা গেছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ অপহূত শ্রমিকদের ফিরে আসার কথা নিশ্চিত করেছেন। চাঁদার দাবিতে ১৪ ডিসেম্বর চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের মঘাছড়ি এলাকা থেকে এমবিডব্লিউ ইটভাটার ৪ শ্রমিককে উপজাতীয় সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।