সিলেটের দক্ষিণ সুরমায় এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম বাচ্চু মিয়া (৩০)। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে জনতা ব্যাংকে তারই এক সহকর্মীর রাইফেলের গুলি মাথায় লাগলে তিনি মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।
‘ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। বন্দুক ও খোসা জব্দ করা হয়েছে’ মন্তব্য করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (হেড কোয়ার্টার) রেজাউল করিম ইত্তেফাককে জানান, জনতা ব্যাংকে দায়িত্বরত ৫ আনসার সদস্যের এক সদস্য বাচ্চু মিয়া অপর এক আনসার সদস্যের গুলিতে আহত হয়েছেন। তিনি জানান, ২ জন আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২ আনসার সদস্য পলাতক।
