১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাকে শক্রমুক্ত করতে গিয়ে শহীদ হয়েছেন বহু মুুক্তিযোদ্ধা। সেইসব শহীদ মুক্তিযোদ্ধাকে শায়িত করা হয়েছে আক্কেলপুর পৌর সদরের বেলার মাঠের গণকবরে। সেই গণকবরে যাওয়ার রাস্তা নেই।
স্বাধীনতার ৪১ বছর পার হলেও গণকবরে যাওয়ার রাস্তা নির্মাণে জন্য মাথা ব্যথা নেই কারো। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের মত আজও সেই গণকবরে যাওয়া হবে। কিন্তু আজও স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্তরের জনগণ মেইন রাস্তায় দাঁড়িয়ে শহীদদের মাগফেরাত কামনার মোনাজাতে অংশ নিবেন। কিন্তু স্বাধীনতার ৪১ বছর পর আজ সেই গণকবরে যাওয়ার রাস্তা নির্মাণের জন্য দাবি তুলেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরে দু’টি গণকবর রয়েছে। একটি আক্কেলপুর-বদলগাছী সড়কের পাশে আমুট্র গ্রামে অপরটি মহিলা কলেজ সংলগ্ন বেলার মাঠে। ১৯৯৬ সালে উপজেলা পরিষদের অর্থায়নে বেলার মাঠের গণকবরটিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। আক্কেলপুর পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা বলেন, আমি জেনেছি বেলার মাঠের গণকবরে যাওয়ার রাস্তা নেই। রাস্তা নির্মাণে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে।
