সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল রবিবার আরো ৩৫ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।মিয়ানমার সীমান্তে দায়িত্বরত বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ন এবং টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান সদস্যরা এসব মিয়ানমার নাগরিককে আটক করে। পরে একই সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নাইক্ষ্যংছড়ীর তমব্রু ও ঘুমধুম এবং উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল ৩০ জন মিয়ানমার নাগরিক ধরা পড়ে। পরে এসব মিয়ানমার নাগরিককে মানবিক সাহায্য দিয়ে একই সীমান্ত পয়েন্ট দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।অপরদিকে টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জানান, তার ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় টহল দলের হাতে ৫ জন অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক ধরা পড়ে। পরে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্র জানায়, আটক মিয়ানমার নাগরিকদের সকলেই সেদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নাগরিক।
