মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য যারা আত্মোত্সর্গ করেছেন তাদের স্মরণে গতকাল বিজয় দিবসে কুলাউড়া শহরের ঐতিহাসিক ডাক বাংলো মাঠে দীর্ঘ প্রতিক্ষিত স্বাধীনতা সৌধের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা সৌধের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান। উদ্বোধন উপলক্ষে স্বাধীনতা সৌধের পাদদেশে বিজয় মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শহর সৌন্দর্য বৃদ্ধি প্রকল্পের আহ্বায়ক কমিটির আহ্বায়ক কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিসৌধ নির্মাণে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চা বাগানের ব্যবস্থাপকগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এমএম শাহীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন. ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, তানিয়া আক্তার লিমা, পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, বিএনপি কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, বেসরকারি উদ্যোগে সৌধটি নির্মাণে ২ বছর সময় লেগেছে। সিলেট বিভাগে এ স্বাধীনতা সৌধটি প্রথমস্থান অধিকার করবে। স্বাধীনতা সৌধটি নির্মিত হওয়ায় শহরের সর্বস্তরের মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
