ফ্যাশন ট্রেন্ড

রঙে ঢঙে মাফলার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৩
শীতের প্রভাব অন্যান্যবারের চেয়ে খানিকটা বেশিই মনে হয়। দিনের আলো শেষ হতে না হতেই শীত এসে জেঁকে বসে চারপাশে। কনকনে শীত থেকে বাঁচতে মাফলার একটি অপরিহার্য পরিধান। তবে বর্তমানে মাফলার চলে এসেছে নতুনদের ফ্যাশন ভাবনাতে। বাজারে নিত্যনতুন মাফলারের সমাহার। তরুণদের গলায়ও মাফলার শোভা পাচ্ছে নানা ঢঙে। তেমনই নানা রঙ এবং ঢঙের মাফলার নিয়ে আমাদের এবারের আয়োজন। শীতে উষ্ণতা এবং স্টাইল বজায় রাখার জন্য মাফলার তরুণদের কাছে খুবই জনপ্রিয়। জিন্স, টি-শার্ট, ফতুয়া কিংবা শার্টের সঙ্গে চমত্কারভাবে মানিয়ে যায় মাফলার। তরুণীদের জন্যও মাফলার ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই। যেকোনো পোশাকের সঙ্গে স্টাইলিংয়ে মাফলার এখন ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। শুধু তরুণ নয়, বৃদ্ধদের শীত নিবারণেও মাফলার সঙ্গী। ফ্যাশন হাউস থেকে শুরু করে মার্কেটে মিলবে নানা রকম নান্দনিক মাফলার। বাজারে আজকাল উলের নেট মাফলার, এন্ডি কটন, পশমি মাফলারসহ নানা রকম চেক মাফলার পাওয়া যাচ্ছে। বুটিক শপে পাওয়া যাবে ব্লকের সঙ্গে হাতের কাজের দৃষ্টিনন্দন মাফলার। এসব মাফলার পোশাকের সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে। পাতলা এবং ভারী দুই ধরনের এসব মাফলার পাবেন ২০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। তাই মাফলার কেনার আগে খেয়াল রাখতে হবে, এটি আপনি শীত নিবারণের জন্য না ফ্যাশনের জন্য ব্যবহার করবেন। বাজারে লং এবং শর্ট দু’ রকম মাফলার পাওয়া যায়। মেয়েদের মাফলারগুলো একটু শর্ট হয়। ভারী শীতে পরার জন্য উলের মাফলারগুলো উপযোগী। উলের নেট নকশার মধ্যে অনেক রঙের মাফলার পাওয়া যায়। কোনো কোনো মাফলার পাওয়া যাবে উলের মধ্যে টাইডাই করা। এসব মাফলার ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে। কিছু মাফলার পাওয়া যাবে লেইস দেওয়া। উলের মধ্যে হাতে বোনা এবং চিকন উলের চেক মাফলার পাবেন ১০০ থেকে ৮০০ টাকার মধ্যে। দেশি মাফলারগুলো পাবেন ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এ ছাড়া স্টাইলিশ মাফলারগুলোর বেশিরভাগ আমদানি করা। এগুলো আসে বেশিরভাগ চায়না, ব্যাংককসহ বিভিন্ন দেশ থেকে। এসব মাফলার পাবেন ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। ছেলেদের শর্ট মাফলার পাবেন ৫০০ টাকার মধ্যে। কিছু মাফলার ছেলেমেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন—সেভাবেই তৈরি করা হয়। মেয়েদের মাফলার তুলনামূলক একটু ছোট ও নকশাদার হয়। নান্দনিক এসব মাফলার পাওয়া যাবে বুটিক শপ থেকে শুরু করে সব মার্কেটে শীত পোশাকের দোকানে। এ ছাড়া ধানমন্ডির হকার্স মার্কেটে মিলবে চমত্কার সব মাফলার। মডেল সময় ছবি আশীষ সেনগুপ্ত