চু লে র সু পা র কা ট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৫
সুপার স্টাইলিশ চুলের ছাটসহ রকমারি সব অত্যাধুনিক সৌন্দর্য সেবা নিয়ে গড়ে উঠেছে স্যালন—সুপার কাট। আমাদের এবারকার আয়োজন এ স্যালন নিয়ে। গন্তব্য মোহাম্মদপুর রিং রোড। জাপান গার্ডেন সিটির ঠিক উল্টোপাশের এক বহুতল ভবনে খুঁজে পাওয়া গেলো স্যালনটির সাইনবোর্ড। ভবনের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই স্যালনের অবস্থান। আধুনিক সৌন্দর্যচর্চা কেন্দ্র হিসেবে পুরুষদের কাছে বেশ জনপ্রিয় এ স্যালনটি। ১৫ বছরের পুরোনো স্যালনটির শুরুর গল্প জানা গেল কর্ণধার সাইফুল ইসলাম রচির কাছে। কম্পিউটার বিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন রচি। সে ’৯২-’৯৩ সালের কথা। নিজে বেশ সৌন্দর্য সচেতন হওয়াতে সেখানকার স্যালনগুলোতে তার যাতায়াত ছিল নিয়মিত। স্যালনগুলোর আধুনিক সেবা এবং মেশিনারিজ ভীষণ আকৃষ্ট করে তাকে। অনেকটা শখের বশেই সৌন্দর্যচর্চা নিয়ে জানার ইচ্ছা থেকে ভর্তি হয়ে যান কসমোটলজিস্টের কোর্সে। পড়াশোনার পাশাপাশি শেষ করেন ৬ মাস মেয়াদি এ কোর্স। পড়াশোনা শেষে দেশে এসে রচি যোগ দেন ইরান এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিস্টেন্ট হিসেবে। পাশাপাশি শুরু করেন ব্যবসা। শখের সৌন্দর্যচর্চা কেন্দ্র গড়ে তোলেন ছেলেদের জন্য। মোহাম্মদপুর জাকির হোসেন রোডের এই স্যালনের নাম দেন সুপার কাট। ৩০০ স্কয়ার ফিটের জায়গা নিয়ে শুরু করা স্যালনটি এখন পরিসরে বড় হয়েছে। সাথে যোগ হয়েছে আরও তিন তিনটি শাখা। ‘একদিন গলি থেকে শুরু করা স্যালনটি রাজপথ পেরিয়ে এখন জায়গা করে নিয়েছে মহাসড়কে,’ বললেন রচি। প্রথমে শুধু চুল কাটানো আর শেভ করার মতো বেসিক সার্ভিসগুলো দেওয়া হতো সুপারকাটে। সে সময় থেকেই স্যালনের প্রতিটা সার্ভিসের দিকে কড়া নজরদারি ছিল রচির। ‘তখনকার সময়ে ওয়ান টাইম ব্লেড ব্যবহার করে গ্রাহকদের শেভ করানো হতো শুধুমাত্র সুপার কাটে,’ এমনটাই বললেন তিনি। সুপার কাট প্রতিষ্ঠার ৪ বছরের মধ্যেই এখানে আনা হয় বিদেশ থেকে আমদানিকৃত সৌন্দর্যচর্চার আধুনিক সব মেশিনারিজ। শুরু হয় মেশিন ব্যবহার করে চুল কাটা আর শেভ করার কাজ। পাশাপাশি চালু করা হয় পুরুষদের ত্বকচর্চা। রচি জানালেন সে সময় সৌন্দর্যচর্চায় ব্যবহূত এমন অত্যাধুনিক যন্ত্র প্রথম দেশে আনে সুপার কাট। সুপার কাটে রকমারি ২০০ ধরনের সার্ভিস দেওয়া হয় ছেলেদের। এর মধ্যে রয়েছে ১০ সিটিং থেকে ২০ সিটিংয়ের ফেসিয়াল, মেনিকিওর, পেডিকিওর, ম্যাসাজ থেরাপি। আছে চুলের যত্নে হেয়ার ট্রিটমেন্ট, ম্যাসাজসহ নানান সেবা। আর সুপার স্টাইলিশ হেয়ার কাট তো এ স্যালনের বিশেষত্ব। ১৫ জনের দক্ষ সার্ভিস প্রোভাইডার দল প্রতিদিন প্রায় ১০০ জনকে সার্ভিস দিয়ে থাকেন এ স্যালনে। স্যালনের সার্ভিস নিয়েও ভীষণ খুশি এখানকার গ্রাহকরা। ‘এদের সব সার্ভিসই ভালো। আমি আসি হেয়ার ট্রিটমেন্ট করাতে। এখন তো আমার চুলের সমস্যাগুলো অনেকটাই কেটে গেছে,’ বললেন সুপার কাটের নিয়মিত গ্রাহক তন্ময়। স্যালনের সার্ভিস নিয়ে বেশ আত্মবিশ্বাসী স্যালনের প্রতিষ্ঠাতা। ভালো প্রোডাক্ট আর সঠিক টেকনিক এ দুই নিয়েই ভালো সার্ভিস দেওয়া যায় এমনটাই বিশ্বাস তার। ‘আমি সেরা প্রোডাক্টটাই নির্বাচন করি স্যালনে ব্যবহারের জন্য। যেমন হেয়ার ট্রিটমেন্টের জন্য ক্লিয়ারের প্রোডাক্ট সুপার কাটের অলটাইম ফেবারিট। গ্রাহকরাও সন্তুষ্ট।’ দেশের বিউটি ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে শুরু থেকেই কাজ করছে সুপার কাট। আপনার সৌন্দর্যকে শানিয়ে নিতে ঘুরে আসতে পারেন আপনিও।