বসতবসতি

মেঝের আবরণ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
এখন শীত বিরাজ করছে দেশজুড়ে। এই শীতে নানান সমস্যার পাশাপাশি অন্যতম একটি সমস্যা হচ্ছে, মেঝেতে হাঁটা। খালি মেঝে বেশ ঠাণ্ডা থাকায় অনেকেরই কষ্ট হয় খালি পায়ে হাঁটতে। শিশু থেকে বৃদ্ধ সবারই এই ঠাণ্ডা মেঝেতে হাঁটার মাধ্যমে সর্দি-কাশি হতে পারে। এই সমস্যার সমাধান একটাই। আর তা হলো কার্পেট। মেঝের আবরণ বলা যেতে পারে। ঘরের মেঝেতে কার্পেট থাকলে ঠাণ্ডা থেকে যেমন রক্ষা পাওয়া যায়, একই সাথে ঘরের সৌন্দর্যও খানিকটা বৃদ্ধি পায়। বাসার পাশাপাশি অফিসেও থাকতে পারে কার্পেট। বাজারে নানা ধরনের নানা সাইজের কার্পেট পাওয়া যায়। প্লেইন ও নকশা করা কার্পেট থেকে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। দেশি কার্পেটের তুলনায় বিদেশি সিনথেটিক পিস কার্পেট বেশি পাওয়া যায়। বাংলাদেশের পাটের উত্পাদন কমে যাওয়ায় দেশি কার্পেট উত্পাদন কমে গেছে। বিদেশ থেকে আমদানি করা নকশা সম্বলিত সিনথেটিক কার্পেটের মূল্য এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত। এই কার্পেটগুলো বেশ দৃষ্টিনন্দন ও টেকসই। নতুন এসব কার্পেট খুব সহজেই বেশ কয়েক বছর ব্যবহার করা যায়। কার্পেটের পাশাপাশি অফিস ও বাসাতে ম্যাটও ব্যবহার করতে পারেন। বাজারে দেশি ম্যাটের দাম প্রতি ইউনিট দশ থেকে পনের টাকা ও বিদেশি ম্যাট প্রতি ইউনিট পঞ্চাশ থেকে দেড়শ টাকার মধ্যে পাওয়া যায়। বিদেশি কার্পেটগুলোর মধ্যে অধিকাংশই বেলজিয়াম, ইরান, সৌদি আরব থেকে আমদানি করা হয়। রাজধানীর পল্টন, মহাখালী, এলিফ্যান্ট রোড প্রভৃতি স্থানে কার্পেট পাওয়া যায়।