দেশের উপজেলা পর্যায়ের কোন ফায়ার সার্ভিস স্টেশনে এ্যাম্বুলেন্স নেই। এই প্রথম বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসে এ্যাম্বুলেন্স প্রদান করে ইতিহাস সৃষ্টি করলেন স্বরাষ্ট সচিব সি কিউ কে মুসতাক আহমদ। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জামালউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সচিব এই এ্যাম্বুলেন্সটি প্রদান করেন। বরিশাল ফায়ার সার্ভিস ও ডিফেন্স বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলার ৬টি ফায়ার সাভিস স্টেশনে শুধুমাত্র এ্যাম্বুলেন্স রয়েছে। বিভাগের ৪০টি উপজেলার মধ্যে ফায়ার স্টেশন আছে মাত্র ১৮টিতে। বাকি ২২টি উপজেলায় নানান সমস্যার কারণে এখনও ফায়ার স্টেশন স্থাপিত হয়নি। বরিশালসহ সারা দেশের কোন উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে এ্যাম্বুলেন্স নেই। ফায়ার স্টেশনটিতে এ্যাম্বুলেন্স না থাকায় দুর্ঘটনাকবলিত লোকজনদের হাসপাতালে পাঠাতে নানা সমস্যায় পড়তো ফায়ার সার্ভিসের লোকজন। এ সমস্যার কথা ভেবে গত বৃহস্পতিবার স্বরাষ্ট সচিব আনুষ্ঠানিক-ভাবে গৌরনদী ফায়ার সার্ভিসে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
