মহান বিজয় দিবস উপলক্ষে রায়পুরা বিএনপির বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা রবিবার পাল্টাপাল্টি বিজয় র্যালী ও আলোচনা সভা করেছেন। এতে দলীয় কোন্দল আরো প্রকাশ্যে রূপ নিতে পারে বলে ধারণা স্থানীয়দের। রবিবার উপজেলা বিএনপির আহবায়ক জামাল আহম্মেদ চৌধুরী প্রবাসে থাকায় তার অনুপস্থিতিতে যুগ্ম আহবায়ক রায়পুরা পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়ার নেতৃত্বে সেরাজনগর স্কুল মাঠ থেকে বিজয় র্যালী বের হয় এবং আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, যুগ্ম আহবায়ক তৌফিকুল হক, নাজমূল হক মোহন, হাবিবুর রহমান হাবিব, আলফাজউদ্দিন মিঠু প্রমুখ। অপরদিকে বিকাল ৩টায় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো.আশরাফউদ্দিন বকুলের নেতৃত্বে চান্দেরকান্দী ইউনিয়ন পরিষদের একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর রেলগেটে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন রায়পুরা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহউদ্দিন বাচ্চু, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জয়নুল আবেদীন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, সিনিয়র সহ-সভাপতি ফরিদউদ্দিন প্রমুখ।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে রায়পুরা থানা হাটি এলাকা থেকে সাবেক মন্ত্রী মাইনুদ্দিন ভুইয়ার ছেলে আমেরিকা প্রবাসী ও মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল আমিন ভুইয়া রুহেলের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে সদর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সদর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোজাফর আলী, সোহেল আহম্মেদ রাজন, দেলোয়ার হোসেন প্রমুখ।
