কক্সবাজারের দুই সাংবাদিকের মুক্তি দাবি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১০
কক্সবাজারে কারারুদ্ধ দুই সাংবাদিক এসএম জাফর ও মোস্তফা সরওয়ারের মুক্তির দাবী জানিয়েছে, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার। গতকাল সোমবার কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাহী কমিটির এক সভায় এই দাবী জানানো হয়। পাশাপাশি আমার দেশ পত্রিকার বিরুদ্ধে হয়রানিরও তীব্র নিন্দা জানানো হয়। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সাংবাদিকদের উপর বর্তমান সময়ে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলেছে। কক্সবাজারে কর্মরত দুইজন সাংবাদিক দীর্ঘদিন ধরে কারাগারে। বিশেষ করে এসএম জাফরের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে পুলিশ এখনও পর্যন্ত প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। অথচ তাকে জামিন দেয়া হচ্ছে না। সভায় আরো বলা হয়, সত্য প্রকাশের দায়ে দৈনিক আমার দেশের উপর ধারাবাহিকভাবে হয়রানি চলছে, যা মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়। সভায় আরো বক্তৃতা করেন, ইউনিয়নের সহ-সভাপতি আতাহার ইকবাল, সাধারণ সম্পাদক জিএএম আশেকউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ গিয়াস ও কোষাধ্যক্ষ মমতাজউদ্দিন বাহারী প্রমুখ বক্তব্য দেন।