রানিনগরে গ্রেফতার আতংকে ১৮ দলের নেতা-কর্মীরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১২
নওগাঁর রানিনগর থানা-পুলিশের গ্রেফতার আতংকে ১৮ দলের নেতা-কর্মীরা গ্রাম ছাড়া। জনমনে দেখা দিয়েছে পুলিশী আতংক। রানিনগর থানা-পুলিশ ১৮ দলের নেতা-কর্মীদের আটকের নাটক করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রানিনগর উপজেলায় অবরোধের দিন আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দায়ের করা মামলায় ১৮ দলীয় জোটের নামে বেনামে ৭৭ জন নেতা-কর্মীকে আসামি করে কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এরপর থেকেই জোটের নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক ছড়িয়ে পরে। ইতিমধ্যে গত ৯ ডিসেম্বর আবাদপুকুর রাস্তার দুইপাশের বরেন্দ প্রকল্পের গাছ চুরির অভিযোগে সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাতনামা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে গত বুধবার বিএমডি এর সহকারী প্রকৌশলী বাদি হয়ে রানিনগর থানায় আরো একটি মামলা দায়ের করে। এই সুযোগে রানিনগর থানা-পুলিশ ১৮ দলের নেতা-কর্মীদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দাবীকৃত টাকা দিতে ব্যর্থ হলে তাদের গ্রেফতার করে গাছ চুরির মামলাসহ অপর আরেকটি মামলায় জড়িয়ে কোর্টে চালান দিচ্ছে।