শ্রীলংকার বিপক্ষে হোবার্টে অনুষ্ঠিত প্রথম টেস্টে দলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে বক্সিং ডে টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারেন অল রাউন্ডার শেন ওয়াটসন। আর এর মাধ্যমে অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে ওয়াটসনের। দলীয় কোচ মিকি আর্থারের সূত্রমতে এই ইঙ্গিত পাওয়া গেছে।
সফরকারী শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে মাঠে নেতৃত্ব দানকারী ক্লার্ক ইনজুরিতে পড়লে এই আশঙ্কা দেখা দেয়। তৃতীয় দিন দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রিটায়ার্ড হার্ট হবার পরে চতুর্থ দিনে ক্লার্ক পুনরায় ব্যাটিংয়ে নামেন। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। স্ক্যানেও তার ইনজুরি ধরা পড়েছে। আর তাই আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে ঐতিহাসিক দিন বক্সিং ডে’র আগে তিনি হয়তবা নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারবেন না। দলীয় কোচ বিষয়টি নিশ্চিত করে ইঙ্গিত দিয়েছেন হয়তবা ক্লার্কের পরিবর্তে দলে ডাক পেতে পারেন সাবেক উইকেট রক্ষক ব্র্যাড হ্যাডিন। এ সম্পর্কে আর্থার বলেছেন, ক্লার্কের না খেলার সম্ভাবনাই বেশি। আর তাই ওয়াটসনের জন্য এটা দারুণ একটি সুযোগ। আমরা তার নেতৃত্বের গুণাবলী সম্পর্কে জানি। আমি আত্মবিশ্বাসী নতুন এই দায়িত্ব সে দক্ষতার সাথেই পালন করতে পারবে। কার্যত যদি সে সুযোগ পেয়েই যায় তবে এটা তার জন্য দারুণ সৌভাগ্যের। ক্লার্কের জায়গায় হ্যাডিনের ডাক পাবার সম্ভাবনা রয়েছে। তবে তার সাথে সাথে রব কুইনি এবং উসমান খাজারও সুযোগ রয়েছে। এছাড়া এ্যালেক্স ডুলানও ঘরোয়া আসরে বেশ ভাল খেলছে। ক্লার্ককে সম্ভাব্য সব ধরনের চিকিত্সাই দেয়া হয়েছে বলে আর্থার জানিয়েছেন। ক্লার্কের পাশাপাশি বেন হিলফেনহসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে আর্থার বলেছেন তার পিঠের ইনজুরি গুরুতর এবং এ কারণে তিনি বক্সিং ডে’তে খেলতে পারছেন না। এছাড়া নতুন বছরের প্রথম টেস্ট সিডনিতেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। মেলবোর্ন টেস্টের জন্য জ্যাকসন ব্রিড এবং ন্যাথান কোলটার-নাইলকে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন অসি কোচ।-বাসস
