জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক ও আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধনকালে বলেন, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ প্রদর্শনী ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য সোনার বাংলা গড়ার প্রেরণা হিসেবে কাজ করবে। প্রদর্শনীতে প্রায় এক হাজার পাঁচশত গ্রন্থ স্থান পেয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা, ভাষা আন্দোলনের ইতিহাস, অসহযোগ আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, মুজিবনগর সরকার, শহীদ বুদ্ধিজীবী স্মরণে লেখা গ্রন্থ, ১৯২০ থেকে ১৯৭৫ সালের ঘটনাবলী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা গ্রন্থ, মুক্তিযুদ্ধের নাটক, ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ রয়েছে। এছাড়া প্রদর্শনীতে পাঁচ শতাধিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনী চলবে সাতদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আহমেদ রেজা।
মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান
মহান বিজয় দিবসে বেগম খালেদা জিয়া হল প্রশাসন মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মুক্তিযোদ্ধা জামসেদ আলী ভুঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা জামসেদ আলী ভুঁইয়া কর্নেল তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
