প্রেমের ঘটনায় পাটগ্রাম সীমান্তে ৬ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৩০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী সীমান্ত হতে প্রেমবিষয়ক ঘটনায় ভারতীয় গ্রামবাসীর সহযোগিতায় ছয় বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল সোমবার পর্যন্ত তাদের ফেরত দেয়নি বিএসএফ। এলাকাবাসী জানায়, উপজেলার ঝালঙ্গী এলাকার আজিজুলের ছেলে লাজু ইসলাম (২৫) অনেক দিন আগে ভারতের মেখলিগঞ্জ মহকুমার ১৬৫ উচ্ছুল পুকুরী এলাকার বাবর আলীর বাড়িতে কাজ করত। গৃহকর্তার মেয়ে লাইলী বেগমের (১৯) সঙ্গে প্রেম হয় লাজু ইসলামের। বিষয়টি জানতে পেরে বাবর আলী লাইলীকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে লাজু গত চার ডিসেম্বর ভারতীয় লোকজনের সহায়তায় লাইলীকে সীমান্ত পার করে নিয়ে আসে। লাইলীর পরিবার ভারতীয় গ্রামবাসী ও চ্যাংরাবান্ধা ক্যাম্পের বিএসএফের সহায়তায় গত রবিবার সকালে বুড়িমারীর ঝালঙ্গী সীমান্তের ৮৫১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢুকে শ্রীরামপুরের হামিদুল হক, সায়েদ, সুজন, শরিফুল, রাসেল এবং আবেদ আলীকে ধরে নিয়ে যায়। বিজিবি’র বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম ঘটনাটিকে গুজব দাবি করলেও লালমনিরহাট বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহদী হাসান জানান, অপহরণ নয়, প্রেমঘটিত কারণে ছয় যুবককে ভারতীয়রা ধরে নিয়ে গেছে। দুই সীমান্তের স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান ও আহম্মদ আলী জানান, ভারতীয় ওই মেয়েকে ফেরত দিলে তারা বাংলাদেশি ছয় যুবককে ফেরত দিবে বলে জানিয়েছে।