জামায়াতে ইসলামীর কেন্দ ীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১৩ ডিসেম্বরে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা গাড়ি ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাসনীম আলম রাজশাহী মহানগরীর জামায়াত ইসলামীর একজন শীর্ষ নেতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। তার গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজশাহী বিভাগে অর্ধদিবস হরতাল ডেকেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলাম।
র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, সকাল ৮টার দিকে র্যাব-১ এর একটি দল উত্তরা পশ্চিম থানা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। গত বুধবার রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গ্রেফতার করার পর দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয় আত্মগোপনে থাকা জামায়াত নেতা রফিকুল ইসলামকে। কিন্তু রফিকুল ইসলামের অবর্তমানে দলের কেন্দ ীয় প্রচার সম্পাদক তাসনীম আলম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, তাসনীম আলম মোবাইল ফোনে বিভিন্ন নেতাদের কাছে ‘সুইসাইড স্কোয়াড’ হামলার আলাপ করেছেন। এ কারণে নাশকতার আশংকা ঠেকাতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, রাজশাহী অফিস জানায়, তাসনীম আলমকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজশাহী বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে দলটির নেতারা। গতকাল সোমবার বিকালে জামায়াতের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
