সরকার প্রায় সব গণমাধ্যমের মালিকানা দখল করেছে -------------মির্জা ফখরুল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২২:৩৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম না থাকলে গণতন্ত্রকে সুষ্ঠু বলা যায় না। দুঃখের বিষয়- স্বাধীনতার ৪৮ বছরেও আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারিনি। এই ফ্যাসিবাদী সরকার সকল রাষ্ট্রীয় যন্ত্রের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। প্রায় সকল গণমাধ্যমের মালিকানা দখল করেছে। আমি ব্যক্তিগতভাবে জানি, অনেক সাংবাদিকের                আজকে কাজ (চাকরি) নেই।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ)আয়োজিত বার্ষিক কাউন্সিল-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএফইউজের একাংশের  সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, এম এ আজিজ প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিবিদরা সবসময় খারাপ হয় না। তারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। আমাদের অনেক নেতা-কর্মী আছেন যারা সরকারের হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন, হকারের কাজ করছেন।

তিনি বলেন, ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। তখন আওয়ামী লীগ থেকে অনেক নেতা-কর্মী বের হয়ে জাসদ তৈরি করেছিলেন। সেই জাসদের অনেক নেতা-কর্মীকে ৭২-৭৫ সরকার হত্যা করেছিল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন বাকশাল চালু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’