মাঠে মাঠে সর্ষে ফুলের উচ্ছ্বাস...

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৮
ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপের পরিবর্তন হয়। ঋতু পরিক্রমায় এখন চলছে হেমন্ত। যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার মাঠে মাঠে এখন দেখা যাবে সর্ষে ফুলের অপূর্ব শোভা। যিনি এমন দৃশ্য দেখবেন-তারই চোখ জুড়িয়ে যাবে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে এ অঞ্চলে সর্ষে চাষ বেড়েছে। এবার খুলনা বিভাগের ১০ জেলায় ৬৫ হাজার ৭শ’ ৭২ হাজার হেক্টরে সর্ষে চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি বিভাগ। সর্ষের উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯শ’ ২৬ টন। ধানের দরপতনের কারণে চাষিরা অধিক মাত্রায় সর্ষে চাষে ঝুঁকেছে। আউশ ধান ও পাট কাটার পর ওই জমিতে সর্ষে চাষ করেছে। তাই এখন দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সর্ষে ফুলের সমারোহ। আগাম চাষ করা সর্ষে গাছে ফল ধরেছে। কিছু দিন পর তা মাঠ থেকে উঠানো হবে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের চাষি বাচ্চু মিয়া জানান, সর্ষে উঠার পর ওই জমিতে বোরো চাষ করা যাবে। তারপর বোরো কাটার পর পাট বা আউশ ধান চাষ করা যাবে। ফলে একই জমিতে বছরে ৩টি ফসল ফলবে। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের চাষি বাবলু মিয়া জানান, তেলের দাম বেশি হওয়ায় কৃষকরা আবার সর্ষে চাষে ঝুঁকছে। গত বছর দাম ভাল পাওয়ায় এবার সর্ষে চাষ বাড়িয়ে দেয়া হয়েছে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক আব্দুল মান্নান বলেন, সর্ষে চাষে ভাটা পড়েছিল। দাম ভাল পাওয়াতে চাষিরা নতুন করে সর্ষে চাষ বাড়িয়ে দিয়েছে। এবার এ অঞ্চলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে সর্ষে চাষ হয়েছে।